যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল আবেদন খারিজ

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল আবেদন খারিজ ডোনাল্ড ট্রাম্প ও জিন ক্যারল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০৬, ১৮ আগস্ট ২০২৬

লেখক, গবেষক ও টিভি উপস্থাপক ই. জিন ক্যারলের দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিল আবেদন খারিজ করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (১৭ আগস্ট) আদালত ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জুরি রায় বাতিলের জন্য ট্রাম্পের করা আবেদন প্রত্যাখ্যান করেন।

নব্বইয়ের দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি বিলাসবহুল বিপণিবিতানে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরবর্তীতে মানহানি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। ২০২৩ সালে মামলার বিচারে ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন জুরিরা।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ট্রাম্প। তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন করে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আপিলটি গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন। তবে আদালত ট্রাম্পের ওই আবেদনসহ আরও কয়েকটি আবেদন খারিজ করে দেন।

এদিকে ক্যারলের করা পৃথক একটি মানহানির মামলায় ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদনও করেছেন ট্রাম্প ও বিচার বিভাগ। ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালে ক্যারলকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে দায়ের করা ওই মামলায় প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তির দাবি করা হয়েছে। তবে এ আপিলের বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো সিদ্ধান্ত দেয়নি।

ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন ও পরবর্তীতে মানহানি করেছেন—জুরিদের সেই সর্বসম্মত রায় চূড়ান্ত হয়েছে এবং তা আর কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

শেয়ার করুনঃ
Advertisement