রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার

রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১২, ১১ আগস্ট ২০২৬

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ-সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়।

এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা এবং প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

২০ আগস্ট সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন।

প্রস্তুতিমূলক সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement