বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের

বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৪:৩৪, ১১ আগস্ট ২০২৬

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শিথিলতার কারণে ঝুলে আছে সিরিজটির ভাগ্য। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে সিরিজটি হওয়ার সম্ভাবনাও নেই। তবে এই অনিশ্চয়তাই বাংলাদেশের জন্য বয়ে এনেছে সুখবর—কোনো বাছাইপর্ব ছাড়াই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৪ দলের এই আসরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে।

স্বাগতিকদের বাইরে আরও আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সেরা নয়টি দলের মধ্যে থাকা দলগুলো থেকে আরও একটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে।

বর্তমানে সেই তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৮৩।

অন্যদিকে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান ৬ রেটিং পয়েন্ট।

বাংলাদেশের ভারতের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে সিরিজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাঠে না গড়ালে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বাড়া বা কমার সুযোগ থাকবে না। ফলে বর্তমান অবস্থানেই বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত হবে টাইগারদের।

এদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়, এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার কথা রয়েছে। তবে দুই ম্যাচেই জিতলেও বাংলাদেশের ৬ পয়েন্টের ব্যবধান টপকে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসার মতো পর্যাপ্ত রেটিং পয়েন্ট অর্জন করতে পারবে না ক্যারিবীয়রা।

ফলে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে না ওয়েস্ট ইন্ডিজের। এতে বাছাইপর্বে খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার দৌড়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

অর্থাৎ, ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার পথে কোনো বাধা থাকছে না বাংলাদেশের। টানা তৃতীয়বার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে যাচ্ছে টাইগাররা।

শেয়ার করুনঃ
Advertisement