রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক
Published : ১২:৫৬, ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসি, নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
দলীয়ভাবে একাধিক প্রার্থী থাকলে এবার রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এটি হবে এমন পরিস্থিতির দ্বিতীয় নজির।
এর আগে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস নির্বাচিত হন।
এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে বলে ধারণা করা হলেও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন করে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।






























