কোরিয়ার আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পেলেন কবি মুম রহমান
Published : ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা ‘KAOWL & CNPN Golden Pen Award’ পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও শিল্প সমালোচক মুম রহমান। পুরস্কারটির ১৮তম প্রাপক হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
আন্তর্জাতিক সাহিত্য ও কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (KAOWL) ও কালচার অ্যান্ড পিপল নিউজ পেপার (CNPN) যৌথভাবে এই পুরস্কার দিয়ে থাকে।
পুরস্কার জুরি বোর্ডের চেয়ারম্যান কবি ড. কাং বাইঅং-চিঅল স্বাক্ষরিত একটি চিঠিতে মুম রহমানকে পুরস্কারের জন্য নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুরস্কার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলা ভাষার কোনো কবির ক্ষেত্রে কোরিয়ার কোনো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের ঘটনা এটিই প্রথম।
তুরস্কের কবির মনোনয়ন
আন্তর্জাতিকভাবে পরিচিত তুরস্কের কবি তারিক গুনারসেল মুম রহমানকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেন। পুরস্কার কর্তৃপক্ষের চিঠিতে মুম রহমানের সাহিত্যিক অর্জনের প্রতি গুনারসেলের আস্থা ও সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক ‘KAOWL & CNPN Golden Pen Award’ পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় মালয়েশিয়া, মিশর, আলবেনিয়া, ইতালি, সার্বিয়া, বেলজিয়াম, স্পেন, রোমানিয়া, পোল্যান্ড, ভারত, তুরস্ক, চীন, গ্রিস ও কিরগিজস্তানসহ বিভিন্ন দেশের সাহিত্যিক রয়েছেন।
বাংলা সাহিত্যের জন্য স্বীকৃতি
আন্তর্জাতিক এই সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মুম রহমান বলেন, পুরস্কারটি তাঁর জন্য যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বেরও। তিনি এটিকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না; বরং বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখছেন।
মুম রহমান বলেন, কোরিয়া থেকে বাংলা ভাষার কোনো কবির জন্য এটিই প্রথম আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। তাঁর মতে, বাংলা ভাষার সাহিত্য বিশ্বসাহিত্যের বৃহত্তর পরিসরের একটি গুরুত্বপূর্ণ অংশ—এই স্বীকৃতি তারই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ প্রমাণ।
কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও শিল্প সমালোচক হিসেবে দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন মুম রহমান। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সাহিত্যকে বৈশ্বিক পরিসরে নতুন করে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

































