এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি’, নতুন জীবন নিয়ে সোহানা সাবা
Published : ১৪:৫৮, ১১ আগস্ট ২০২৬
‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল এমনই। তখন নতুন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি অভিনয়শিল্পী সোহানা সাবা। সেই সম্পর্ক যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এবার নিজেই তা জানালেন তিনি।
সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরেরও বেশি সময় আগে নিজেদের বাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাবা। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি তিনি।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ সময়ের এই সম্পর্কের পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের পর নিজের বর্তমান জীবন নিয়ে সাবা বলেন, তাঁর স্বামী ও তিনি ভালো আছেন। তাঁদের এই সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের খবর তাঁর ছেলেও ইতিবাচকভাবে নিয়েছে। মায়ের নতুন জীবনসঙ্গীকে তাঁর ছেলে পছন্দ করেছে এবং বিয়ের পর সে বেশ খুশি বলেও জানান সাবা।
ফয়সালের পরিচয় প্রসঙ্গে শুরুতে বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। শুধু জানিয়েছিলেন, তিনি একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে পরিচিত। পরে কথার একপর্যায়ে স্বামীর নাম ফয়সাল বলে জানান তিনি। এর বেশি ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চাননি।
ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু প্রসঙ্গে সোহানা সাবা বলেন, প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এতদিন অপেক্ষা করেছেন। তবে বিষয়টি তিনি তখন কাউকে বুঝতে দেননি। পরে ফয়সাল নিজেই যোগাযোগ করে ভালোবাসার কথা জানালে তিনি সম্মতি দেন।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় এক দশক সংসার করেছেন সোহানা সাবা। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও পরবর্তী সময়ে নিজেকে সামলে নতুনভাবে জীবন সাজিয়েছেন তিনি।
অভিনয়জীবনে সোহানা সাবা
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায়ও কাজ শুরু করেন। কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তবে আগে মুক্তি পায় মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’।
এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দেশের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন সাবা। সেখানে ‘ষড়্রিপু’, ‘এপার-ওপার’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
এ ছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহানা সাবা।
দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। তবে স্বামী ফয়সালকে নিয়ে ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ্যে আনতে চান না তিনি।

































