নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে জরিমানা

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে জরিমানা ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৯, ১৭ আগস্ট ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ করলে জরিমানার বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করা হলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধনের পর এমনটি করলে নবায়নও করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, অটোরিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিতে হবে।

তিনি জানান, এখন থেকে এসব অটোরিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

প্রস্তাবিত বিধিমালায় অটোরিকশার নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ব্যাটারিচালিত রিকশার ফিটনেসের বিষয়ে তিনি বলেন, নিবন্ধন ও নবায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে।

ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সেটি সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement