নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ হামিদুর রহমান তায়েফ সরকার। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Published : ১০:৩৫, ২৩ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি পদপ্রার্থী হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া ব্রিজসংলগ্ন পৌর মেয়র মার্কেট এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার তায়েফ নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং কাতারপ্রবাসী তোফায়েল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তায়েফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার বিভিন্ন স্থানে লাগানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর দাবি, গ্রেপ্তারের পর তায়েফকে থানা হাজত থেকে মুক্ত করার জন্য একটি পক্ষ তদবির চালিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ওসি।

শেয়ার করুনঃ
Advertisement