রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’ ছবি: এটিএন নিউজের টকশোর ভিডিও থেকে নেওয়া।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:০৪, ১৮ আগস্ট ২০২৬

এটিএন নিউজের নিয়মিত আয়োজন ‘স্বাধীন সংলাপ’-এর সাম্প্রতিক পর্বে বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘সরকারের ১৮০ দিন: কেমন আছে জনগণ?’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রায় ৪২ মিনিটের আলোচনার শেষ দিকে বিতর্ক ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়।

আলোচনার একপর্যায়ে রাশেদ খানকে উদ্দেশ করে সারোয়ার তুষার তার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন এবং তথ্য গোপনের অভিযোগ করেন। এরপর জুলাই আন্দোলনে দুই পক্ষের ভূমিকা, মামলা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা বাড়তে থাকে।

একপর্যায়ে রাশেদ খান সারোয়ার তুষারের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তোলেন এবং নারী নিপীড়নের প্রসঙ্গ আনেন। এর জবাবে সারোয়ার তুষার অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “আমি কোথায় বিয়ে করেছি? আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছেন।”

পরে আলোচনায় বিয়ের প্রসঙ্গও উঠে আসে। এ সময় সারোয়ার তুষারকে বলতে শোনা যায়, “আমি তো বিয়েই করি নাই।”

বিতর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানটির উপস্থাপিকা মুনি ইউসুফ দ্রুত আলোচনা শেষ করেন। সরকারের ১৮০ দিনের কার্যক্রমের সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের উদ্দেশ্যে আয়োজিত সংলাপটি শেষ পর্যন্ত দুই রাজনৈতিক ব্যক্তির তীব্র বাকবিতণ্ডা ও ব্যক্তিগত অভিযোগ-পাল্টা অভিযোগে পরিণত হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement