বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ গ্রাফিক্স: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৬, ২২ আগস্ট ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দল পুনর্গঠন এবং তৃণমূল গোছানোর কার্যক্রমে মনোযোগ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে নতুন মুখ আসতে পারে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পর্যায়ে পদায়ন ও দায়িত্বে রদবদলও করা হবে। সাংগঠনিক কাঠামোয় নেতৃত্ব পরিবর্তন ও দায়িত্ব পুনর্বিন্যাসের পর দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্র অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনাকে সামনে রেখে গত দুই মাস ধরে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরের কমিটি পুনর্গঠনের কাজ চলছে। কোথাও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, কোথাও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনা এবং বিভিন্ন নেতার দায়িত্ব পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এক নেতা, এক পদ’ নীতিতে গুরুত্ব

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, আগামী চার-পাঁচ মাস ধরে সাংগঠনিক পুনর্গঠনের কার্যক্রম চলতে পারে। নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে তরুণ, মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নেতৃত্বের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে মন্ত্রী ও সংসদ সদস্যদের জেলা, মহানগর বা উপজেলা পর্যায়ের শীর্ষ সাংগঠনিক পদে না রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ‘এক নেতা, এক পদ’ নীতি কার্যকর করার বিষয়েও আলোচনা চলছে।

দলীয় সূত্রের দাবি, সরকার ও দলের দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ের নীতিও অনুসরণের আলোচনা রয়েছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের সরকারি দায়িত্বের পাশাপাশি সাংগঠনিক পদে না রাখার মাধ্যমে দুই ক্ষেত্রেই কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

কেন্দ্র ও অঙ্গ সংগঠনেও পরিবর্তনের প্রস্তুতি

দল পুনর্গঠনের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটিতে ইতোমধ্যে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে এখনো তিনটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যানের ১২টি পদও শূন্য রয়েছে।

কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

একই সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্ব পুনর্গঠনের প্রস্তুতিও চলছে। আগস্টের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্ব আসতে পারে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দল পুনর্গঠনের কাজ চলছে। জরুরি ভিত্তিতে যেসব জেলা, উপজেলা ও থানায় কমিটি প্রয়োজন, সেগুলো পুনর্গঠন করা হচ্ছে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও জানিয়েছেন, কাউন্সিল সামনে রেখে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে। সারা দেশের ইউনিট কমিটিগুলো পুনর্গঠনের পর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ
Advertisement