স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
Published : ১৮:২৭, ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সাংবিধানিক বিধিবিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান এবং বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের মতো নির্বাচন বর্তমান গণতান্ত্রিক সরকার করবে না। তার ভাষ্য, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটেনি। ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার দায়িত্ব পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিরা নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. মঈন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে এবং জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মন্ত্রণালয় কার্যকরভাবে কাজ করলে সামগ্রিকভাবে দেশ পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
দরিদ্র জনগোষ্ঠীর সেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সরকার সব মানুষের জন্য কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চালু করা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথাও উল্লেখ করেন।
দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঘিরে অতীতে ওঠা লুটপাট ও দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে।
































