যে কোনো সময় আসতে পারে এক দফা দাবি: জামায়াত আমির

যে কোনো সময় আসতে পারে এক দফা দাবি: জামায়াত আমির শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ০৯:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন দাবি জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। আট দফা দাবিতে আয়োজিত এই লং মার্চ শনিবার সকালে রংপুরের উদ্দেশে শুরু হয়।

শফিকুর রহমান বলেন, এর আগে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীতে গত দুই দিনে ‘মাথা গরমের’ কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি সংশ্লিষ্টদের হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে; প্রয়োজনে তা নয় বা ১০ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে উল্লেখ করে তিনি সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান আরও বলেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছে এবং দাবি আদায় করে তারা ঘরে ফিরবেন—এমন দাবি করেন তিনি।

১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং অন্যান্য শরিক দলের নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement