এআই ও ফ্যাক্ট-চেকিং দক্ষতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দিল ডিআরইউ

এআই ও ফ্যাক্ট-চেকিং দক্ষতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দিল ডিআরইউ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪০, ৯ মে ২০২৬

গুজব, অপতথ্য ও ডিপফেইকের এই সময়ে সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ।
শুক্রবার Dhaka Reporters Unity আয়োজিত সাত দিনব্যাপী “AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সদস্য অংশ নেন। কর্মশালাটি আয়োজন করে ডিআরইউ, সহযোগিতায় ছিল XYZ Cloud Bangladesh এবং Gamplify।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, এআই-এর ব্যবহার ইতিবাচক ও নেতিবাচক—দুইভাবেই হতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার।

                         ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ডিআরইউর ইতিহাসে এটি অন্যতম সেরা প্রশিক্ষণ আয়োজন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ভিডিও বার্তায় Gamplify–এর চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ফেক নিউজ ও ভুয়া ভিডিওর এই সময়ে বিশ্বস্ত সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। তাই সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
সাত দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয় ChatGPT, Gemini, Google AI Studio এবং NotebookLM–সহ বিভিন্ন আধুনিক এআই টুলের ব্যবহার।
প্রশিক্ষণে কার্যকর প্রম্পটিং, ডেটা সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ, অনুসন্ধানী সাংবাদিকতায় এআই-এর ব্যবহার, ডিজিটাল স্টোরিটেলিং, ফ্যাক্ট-চেকিং এবং ডিপফেইক শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুনঃ
Advertisement