সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ
Published : ১২:৪৬, ৩ আগস্ট ২০২৬
সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অসতর্ক ব্যবহারের ফলে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে সরকারি কাজে এআই ব্যবহারের সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন রাখাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

































