ঝিনাইদহের কালীগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০, নিহত নেই
Published : ১৫:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগানে পৌঁছালে এর সামনের চাকার এক্সেল ভেঙে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার কুড়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৫৮), সাকেদা গ্রামের শাবানা খাতুন (৩২) ও তাঁর ছেলে সিয়াম হোসেন (১১), ভিটশ্বর গ্রামের সাইদুল ইসলাম (৫০), কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩৫) ও বিথী খাতুন (৩১), এবং মহেশপুর উপজেলার নেপা গ্রামের আনজু বেগম (৬৫) ও সাবিনা খাতুন (২৮)।
আহত মাসুদ রানা, শাবানা খাতুন ও সিরাজুল ইসলাম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা যশোর জেনারেল হাসপাতাল এবং বারবাজার এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও বারবাজার হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গড়াই পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন, তবে কেউ নিহত হননি।

































