এতিম শিশুদের সুরক্ষায় ইসলামিক রিলিফ’র মতবিনিময়

এতিম শিশুদের সুরক্ষায় ইসলামিক রিলিফ’র মতবিনিময়

রংপুর প্রতিনিধি:

Published : ১৫:৪৯, ৩ অক্টোবর ২০২৪

এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন করেছে ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। 

বুধবার (২ অক্টোবর) রংপুরের গঙ্গাচড়া উপজেলার হলরুমে প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লালের সভাপতিত্বে ‘এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন’ শীর্ষক এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্রতা বিমোচন ও কষ্ট লাঘবে সহযোগিতা করে থাকে ইসলামি রিলিফ। সংস্থাটি  ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে।

মানবিক সংস্থা হিসেবে ইসলামি রিলিফ নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করে। ১৯৯১ সালে ঘূণিঝড় পরবর্তী জরুরি ত্রাণ ও পূনর্বাসন সহযোগিতার মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ইসলামি রিলিফের কার্যক্রম মানবিক সহযোগিতার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম প্রসারিত হয়। 

ইসলামিক রিলিফ বিশ্বব্যাপী একটি আদর্শ সমাজ দেখতে চায়, যেখানে সকল জনগোষ্ঠী হবে ক্ষমতাবান এবং তাদের প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ হবে। একে অপরের কষ্ট লাঘব করার জন্য পারস্পারিক সহযোগিতা করে।

ইসলামি রিলিফ সমন্বিত সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সাথে ওতপ্রোতভাবে কাজ করে। এছাড়া সমস্যা চিহিৃত করার পাশাপাশি সমাধানেও ভুমিকা রাখে।

ইসলামি রিলিফ এর কার্যক্রমগুলির মধ্যে রয়েছে- অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন, শিশু অধিকার ও সুরক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক উন্নয়ন, মানবিক সাড়া প্রদান, দূর্যোগ ঝুঁকি নিরসন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, জনগোষ্ঠীর বৈচিত্র্যতা এবং অন্তর্ভূক্তিকরণ। 

এতিম শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের এতিম শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত। এদের সামাজি সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি যেসব কার্ডক্রম রয়েছে, সেগুলোকে আরো ত্বরান্তিত করতে হবে। 

বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হলরুমে এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সাথে ইসলামিক রিলিফ বাংলাদেশের মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি ও সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান। 

ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন- এডভোকেসি ও কমিউনিকেশন্স কো-অর্ডিনেটর সফিউল আযম ও আলো প্লাস প্রকল্পের ব্যবস্থাপক এরশাদুল ইসলাম। আলোচনার আগে সাংবাদিকরা প্রকল্পের কিছু কার্যক্রম ও পরিবার পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে উপজেলার নবনীদাস গ্রামের নমিতা রানী বলেন, দুইটি কিডনিই বিকল হওয়ায় ১৭ বছর আগে স্বামী মারা যান। তারপর থেকে সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন। মানুষের বাসায় কাজ করে সংসার চালালেও সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইসলামিক রিলিফ তার পাশে দাঁড়ায়। 

তিনি আরও বলেন, ইসলামিক রিলিফ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি এককালীন ২০ হাজার টাকা প্রদান করে আমাকে উদ্যোক্তা হতে সহযোগিতা করেছে। সন্তানের লেখাপড়ার জন্য প্রতিমাসে ৮৫০ টাকা প্রদান করছে। বর্তমানে আমার ৩টি ছাগল, বেশকিছু হাঁস মুরগি এবং ২৫ শতাংশ বন্ধকী জমি রযেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক বেশকিছু কার্যক্রম সরকার বাস্তবায়ন করছে। সকলের সম্মিলিত উদ্যোগে এতিম শিশুদের জীবনমান উন্নয়ন সম্ভব। 

ইসলামিক রিলিফ এর প্রকল্প আরও বাড়ানো হলে এলাকার এতিম পরিবারগুলো উপকৃত হবে। প্রকল্প ব্যবস্থাপক এরশাদুল ইসলাম বলেন, ইসলামিক রিলিফ ২০২১ সালের জানুয়ারি মাসে গঙ্গাচড়া উপজেলায় অল্টারনেটিভ অরফ্যান ফ্যামিলি স্পন্সরশীপ প্রোগ্রাম থ্রো সাসটেইনেবল লাইভলীহুডস প্রকল্পটি চালু করে। 

যার মূল কার্ক্রম হলো সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা এবং দুর্বলতা হ্রাসের মাধ্যমে এতিম পরিবারের জন্য উন্নত টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা, শিক্ষা ও উন্নয়নের সুযোগে অধিকতর প্রবেশাধিকারের মাধ্যমে এতিম শিশুদের অধিকার সংরক্ষিত এবং এতিম পরিবারের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদানের জন্য সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement