বাংলাদেশ হবে বিশ্বের সেরা শিক্ষা কেন্দ্র : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ হবে বিশ্বের সেরা শিক্ষা কেন্দ্র : শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩২, ৬ মে ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা কেন্দ্রে (এডুকেশন হাব) পরিণত করার সব ধরনের সক্ষমতা দেশের রয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের প্রয়োজনীয় সম্পদ, মেধা, পরিকল্পনা ও আন্তরিকতা রয়েছে। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়ন।”

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্রে উন্নীত করতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পাশাপাশি তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, বৃত্তি প্রদান এবং সুশাসন নিশ্চিত করার বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ
Advertisement