অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়ার গুজব নাকচ, কর্মমুখী শিক্ষায় জোর সরকারের

অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়ার গুজব নাকচ, কর্মমুখী শিক্ষায় জোর সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:১৫, ১০ জুন ২০২৬

অনার্স পর্যায়ের শিক্ষা কার্যক্রম থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুজবকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন কিংবা ইতিহাস বাদ দেওয়ার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা হয়নি। এমনকি এ ধরনের কোনো প্রস্তাবও সরকারের বিবেচনায় নেই বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও যুগোপযোগী করতে কাজ করছে। বৈশ্বিক শ্রমবাজার ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন বিষয় ও কোর্স পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন বিষয় সংযোজন বা কারিকুলামের আধুনিকায়ন মানেই ঐতিহ্যবাহী ও মৌলিক বিষয়গুলোকে বাদ দেওয়া নয়। বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিয়মিতভাবে পাঠ্যক্রম পর্যালোচনা ও হালনাগাদ করছে এবং শিক্ষক সংকট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শেয়ার করুনঃ
Advertisement