মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা
Published : ১২:১১, ২৩ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে দলের দুই গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে যেমন উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা, তেমনি আনন্দে ভেসেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় উদযাপনের পাশাপাশি মেসির প্রশংসায় নানা পোস্ট দিয়েছেন তারা। অনেকেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়া এই তারকার কীর্তিকে বিশেষভাবে তুলে ধরেছেন।
সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি পরে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “Yes, Argentina! Vamos!”। ছবির পেছনে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল মাঠে থাকা লিওনেল মেসিকে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান।
ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা শরিফুল রাজও মেসির প্রশংসা করতে ভোলেননি। তিনি মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এটি সত্যিই জাদুকরী।”
নির্মাতা আশফাক নিপুন মেসির গোল করার ধারাবাহিকতা নিয়ে মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, “একসময় ৫ গোল দিয়েই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো। আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে ফেলেছেন, তাও একটি পেনাল্টি মিস করার পর। এটা একেবারে ফুটবলের জমিদারী ব্যাপার!”
নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, “দল যার যার, কিন্তু মেসি সবার।” তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসিকে “Outstanding” বলে অভিহিত করেছেন। অন্যদিকে তাসরিফ খান সতীর্থদের সঙ্গে মেসির একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, “কথায় না কাজে! তিনবার পড়ো— মেসি, মেসি, মেসি!”
চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার কয়েকটি ছবি শেয়ার করে জানান, মেসির প্রতি তার ভালোবাসাই তাকে আর্জেন্টিনার সমর্থক করেছে।
অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি মেসির সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে আর্জেন্টিনার জয় উদযাপন করেন। অন্যদিকে কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে জানতে চান, “আর্জেন্টিনার সমর্থকদের কেমন লাগছে?”
এছাড়া চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার প্রস্তুতির একটি ছবি প্রকাশ করে দলের প্রতি নিজের সমর্থন জানান।
বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের উন্মাদনা নতুন নয়। তবে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোলের পর সেই উচ্ছ্বাস যেন আরও একধাপ বেড়ে গেছে। সামাজিক মাধ্যমে তারকাদের পোস্টেও ফুটে উঠেছে ‘মেসি ম্যাজিক’-এর সেই প্রভাব।



































