তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
Published : ১১:২৮, ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত একটি ভিডিও বাংলাদেশি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে ঘিরে তৈরি ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলা সিজন–৩-এর ষষ্ঠ গান হিসেবে প্রকাশিত হয়েছিল এবং মুক্তির পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একটি বিদেশি সরকারপ্রধানের অফিসিয়াল ভিডিওতে বাংলা গানের এমন ব্যবহার বাংলাদেশিদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড পেজে ভিডিওটি প্রকাশের পরপরই তা বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে বাংলা গানকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বর্তমানে কুয়ালালামপুর সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তাকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষ বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। ফলে সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
নেটিজেনদের মতে, এই সফরের অফিসিয়াল ভিডিওতে বাংলা গানের অন্তর্ভুক্তি শুধু সাংস্কৃতিক পরিচিতিকেই তুলে ধরেনি, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক ও মানসিক বন্ধনকেও আরও দৃঢ় করেছে।



































