আবারও ওটিটিতে ফিরছেন সাবিলা নূর
Published : ০০:০৯, ১৬ আগস্ট ২০২৬
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পাওয়া মডেল-অভিনেত্রী সাবিলা নূর পরবর্তী সময়ে ওটিটি ও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। এবার আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।
কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট দর্শকদের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ নির্মিত হয়েছে একজন রাইড-শেয়ারিং চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনা ঘিরে। হাস্যরসের আবহে গল্পটি এগোলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।
নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা নূর। তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।”
তিন মাধ্যমেই কাজ করতে চান
অভিনয়জীবনের শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও পরবর্তী সময়ে ওটিটি ও সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন সাবিলা। তিন মাধ্যমেই নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার।
নিজের অভিনয়যাত্রা নিয়ে সাবিলা বলেন, “আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশ কিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন।”
তবে তার মতে, নাটক, ওটিটি ও সিনেমায় অভিনয়ের প্রস্তুতির ধরন এক নয়। বিশেষ করে সিনেমার একটি চরিত্রের জন্য দীর্ঘ সময় প্রস্তুতি নিতে হয়। ফলে একই সময়ে নাটক বা ওটিটির কাজে নিয়মিত থাকা অনেক সময় সম্ভব হয় না।
তারপরও মাধ্যমের চেয়ে একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের পরিচয়কেই বড় করে দেখেন সাবিলা নূর। তাই ভালো গল্প ও চরিত্রের সুযোগ পেলে নাটক, ওটিটি এবং সিনেমা—তিন মাধ্যমেই অভিনয় করে যেতে চান তিনি।
‘ফাইসা গেছি’র মাধ্যমে আবারও ওটিটিতে তার প্রত্যাবর্তন তাই দর্শকদের জন্য নতুন এক সাবিলা নূরকে দেখার সুযোগ তৈরি করছে।


































