বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published : ১৭:৪৭, ১৫ আগস্ট ২০২৬
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজন ও বন্ধুরা।
পরে পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে রিধিকা নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ জানান, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বন্ধু-বান্ধবীরা। পরে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রিধিকার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।


































