সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে হারুন সিকদার (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মারা যান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত হারুন সিকদার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২ ডিসেম্বর ছুটিতে দেশে এসেছিলেন হারুন। প্রায় এক মাস পাঁচ দিনের ছুটি কাটিয়ে তিনি ৭ জানুয়ারি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। এরপর ১২ ফেব্রুয়ারি দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহতের ছোট ভাইয়ের ভাষ্য অনুযায়ী, ভবনের একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান হারুন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারুনের ছোট ভাই মো. সিফাত।
হারুন সিকদারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


































