মেহেরপুরে কালাচ সাপের আতঙ্ক, ঘুমন্ত শিশুর প্রাণ গেল ছোবলে

মেহেরপুরে কালাচ সাপের আতঙ্ক, ঘুমন্ত শিশুর প্রাণ গেল ছোবলে ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

Published : ১৮:১৮, ১৭ আগস্ট ২০২৬

মেহেরপুরের বিভিন্ন গ্রামে বিষধর কালাচ সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে মেহেরপুরের আনন্দবাস গ্রামে ঘুমন্ত অবস্থায় কালাচ সাপের ছোবলে তানভির নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, কৃষক রাশেদুল ইসলামের ছেলে তানভির পরিবারের সদস্যদের সঙ্গে বারান্দায় খাটের ওপর ঘুমিয়ে ছিল। ভোররাতে তাকে সাপে ছোবল দেয়। পরিবারের সদস্যরা সাপটি মারার চেষ্টা করলেও আহত সাপটি লুকিয়ে পড়ায় পরে আর সেটিকে খুঁজে পাওয়া যায়নি।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চুয়াডাঙ্গা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সাপটির রং ও আকৃতি দেখে সেটিকে কালাচ বলে শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, গত দুই মাসে মেহেরপুরের বিভিন্ন গ্রামে কালাচ সাপের উপস্থিতি বেড়েছে। বাড়ির আশপাশ, ঝোপঝাড় ও ফসলি জমিতে প্রায়ই এই সাপের বাচ্চা ও পূর্ণবয়স্ক সাপ দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানান, কালাচ বা কমন ক্রেইট সাধারণত রাতে সক্রিয় থাকে এবং ইঁদুরসহ ছোট প্রাণীর সন্ধানে মানুষের বসতঘরে ঢুকে পড়তে পারে। অসাবধানতাবশত সাপটির ওপর চাপ পড়লে বা আঘাত লাগলে ছোবল দেওয়ার আশঙ্কা থাকে।

বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং রাতে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, কালাচ সাপ অনেক সময় রাতে ঘুমন্ত মানুষকে ছোবল দেয়। সাপের কামড়ের সন্দেহ হলে দেরি না করে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া জরুরি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আট মাসে সেখানে সাপের কামড়ের শিকার ৭৭ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন কালাচ সাপের দংশনের শিকার ছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

সাপের উপদ্রব ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ
Advertisement