আত্মমর্যাদার বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

আত্মমর্যাদার বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫২, ৩০ জানুয়ারি ২০২৬

প্রত্যেক মানুষ যেন সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রতিটি মানুষ নিজের অবস্থান অনুযায়ী মর্যাদা পাবে এবং আত্মসম্মান বজায় রেখে বাঁচতে পারবে। তিনি বলেন, সমাজে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ নিজেকে অবহেলিত বা বঞ্চিত মনে না করে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের অনেকের মধ্যেই অসাধারণ প্রতিভা ও সক্ষমতা রয়েছে, যা অনেক সময় আমাদের চোখে পড়ে না। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সব পর্যায় থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে দেশ আরও বহু মেধাবী ও সম্ভাবনাময় মানুষ পাবে।

তিনি আরও বলেন, তাদের জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই; প্রয়োজন শুধু সামান্য সুযোগ সৃষ্টি করা। সেই সুযোগ পেলে তারা অন্যদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এবং নিজেদের গুণাবলি বিকশিত করতে পারবে। কারণ তারা সমাজের বাইরের কেউ নয়, বরং আমাদেরই অংশ। অনেক পরিবারের মধ্যেই এমন সদস্য রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, আজকের এই দিনে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করি এবং যতটা সম্ভব তাদের সহযোগিতা করি।

এ অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশিত গান উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে আবেগঘন ও মানবিক এক পরিবেশ তৈরি হয়।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement