‘সর্বশেষ বিদায়’ জানিয়ে আবেগঘন বার্তা মির্জা ফখরুলের
Published : ১০:০১, ২০ আগস্ট ২০২৬
বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে ‘সর্বশেষ বিদায়’ নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
রাষ্ট্রপতি নির্বাচনের এক দিন আগে তাঁর এমন বিদায়ী বার্তা রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। এদিন দল ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকেও অংশ নেন তিনি।
সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অংশ নেওয়ার পর বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেন মির্জা ফখরুল। দলীয় রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে বিদায়ের আগে সহকর্মীদের সঙ্গে তাঁর শেষ সময়ের এই যোগাযোগ আবেগঘন হয়ে ওঠে।
বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দলের বিভিন্ন দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান তিনি। একই সঙ্গে দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, তা জীবন দিয়ে হলেও রক্ষা করার অঙ্গীকার করেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বঙ্গভবনে গেলে সহকর্মীদের মিস করবেন বলেও উল্লেখ করেন তিনি।
আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদীয় সমীকরণে মির্জা ফখরুল এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনের বিশ্লেষকদের ধারণা।
এর আগে ১৩ আগস্ট বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর দলীয় মহাসচিবের দায়িত্ব থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টিও সামনে আসে।

































