মির্জা ফখরুলের দেওয়া বিদায়ী পোস্টে যে মন্তব্য করলেন সারজিস
Published : ১১:০৪, ২০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বিদায়ী পোস্ট দিয়েছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সেই পোস্টে মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল লেখেন, “আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।”
মির্জা ফখরুলের ওই পোস্টে মন্তব্য করে সারজিস আলম লেখেন, “সম্মানিত মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম ও ত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।”
মির্জা ফখরুলের নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়ে সারজিস আলম বলেন, মহান সৃষ্টিকর্তা তাঁকে সম্মানিত করেছেন। তাঁর নতুন পথচলা ভালো কাজ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান।
এর আগে একই রাতে মির্জা ফখরুল তাঁর বিদায়ী বার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। পোস্টের শেষে তিনি লেখেন, “আপনাদের বিশ্বস্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

































