পিনাকী-ইলিয়াস জামায়াতি এজেন্ট: নুরুল হক নুর
Published : ১০:৪১, ২০ আগস্ট ২০২৬
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ‘জামায়াতি এজেন্ট’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার কিছু আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন।
স্ট্যাটাসে নুরুল হক নুর দাবি করেন, ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন এবং এর মাধ্যমে আয় করেন। তাঁদের বিরুদ্ধে গুজব ও প্রচারণা ছড়ানোরও অভিযোগ তোলেন তিনি।
নুর বলেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে অবস্থান করে তাঁকে নিয়ে গুজব বা প্রচারণা চালানো হলেও তিনি এসব বিষয়ে গুরুত্ব দিতে চান না। তাঁদের জবাব দিয়ে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই-পরবর্তী সময়ে ইলিয়াস ও পিনাকী ‘জামায়াতি এজেন্ট’ হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন নুরুল হক নুর। জামায়াতের রাজনীতির বিরুদ্ধে তাঁর অবস্থানের কারণেই তাঁরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন বলে দাবি করেন তিনি। নির্বাচনের আগেও তাঁকে পরাজিত করার উদ্দেশ্যে বিভিন্ন গুজব ও প্রচারণা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন নুর।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ইলিয়াস হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশের ঘোষণা দেন।
ওই পোস্টে ইলিয়াস লেখেন, “বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় নুরুল হক নুরুর চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।”
এর পরদিনই ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্যকে নিয়ে পাল্টা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন নুরুল হক নুর।

































