অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস হাসান মাহমুদের, ৫৫ রানে ৬ উইকেট
Published : ১২:৫৪, ১৩ আগস্ট ২০২৬
লাল বলের ক্রিকেটে স্বপ্ন দেখেন হাসান মাহমুদ। সেই স্বপ্ন পূরণেও যেন দেরি করতে চান না বাংলাদেশের এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা বাংলাদেশের কোনো পেসার আগে করতে পারেননি।
ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান। এটিই তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
তিন সংস্করণ মিলিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এক ইনিংনে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে টেস্টে মাশরাফি বিন মুর্তজা সর্বোচ্চ ৩ উইকেট, আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন।
শুরু থেকেই দারুণ হাসান
প্রথম ঘণ্টায় কোনো উইকেট না পেলেও বাংলাদেশি বোলাররা ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন। হাসান মাহমুদের শিকার হয়ে প্রথমে ফেরেন জেক ওয়েদারল্যান্ড।
অফ স্টাম্পের বাইরে টানা বল করে ওয়েদারল্যান্ডকে প্রলুব্ধ করেন হাসান। শেষ পর্যন্ত ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর হাসানের অতিরিক্ত বাউন্স ও মুভমেন্টে বিপাকে পড়ে ট্রাভিস হেড। বল স্টাম্পে টেনে এনে উইকেট হারান অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
মধ্যাহ্নভোজের বিরতির পর আবার আক্রমণে ফিরে প্যাট কামিন্সকে উইকেটের পেছনে ক্যাচ বানান হাসান। পরের ওভারেই মিচেল স্টার্কও একইভাবে আউট হলে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় চারে।
স্টিভ স্মিথকে ফিরিয়ে পঞ্চম উইকেট
চা বিরতির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই হাসানকে বোলিংয়ে আনেন। অপেক্ষার অবসানও হয় দ্রুত।
হাসানের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। এর মধ্য দিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ।
এরপর শেষ ব্যাটসম্যান নাথান লায়নও হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরলে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ৬টিতে।
বিদেশের মাটিতে তিনবার ৫ উইকেট
টেস্ট ক্যারিয়ারে হাসান মাহমুদের এটি তৃতীয় ইনিংসে ৫ উইকেট। মজার বিষয়, তিনবারই তিনি প্রতিপক্ষের মাঠে এই কীর্তি গড়েছেন।
এর আগে ২০২৪ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে এবং একই বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও ইনিংসে ৫ উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারও এখন হাসান মাহমুদ।
কৃতিত্ব সতীর্থদেরও দিলেন হাসান
অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঐতিহাসিক পারফরম্যান্সের পরও কৃতিত্ব একা নিতে চাননি হাসান। সতীর্থদের ধারাবাহিক চাপ এবং অধিনায়কের নির্দেশনা মেনেই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ইনিংস বিরতিতে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেন, সুযোগ কাজে লাগাতে তিনি নিজের লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করেছেন এবং প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করেছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়ার এই অর্জন হাসানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে—এ নিয়ে সন্দেহ নেই।



































