টপ এন্ড টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা
Published : ১৮:০৬, ১১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাত ক্রিকেটার।
আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান, রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। তাঁদের মধ্যে সাব্বির রহমানের তিন সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।
অস্ট্রেলিয়ার ডারউইনে তৃতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নেবে বাংলাদেশ এইচপি দল। আগের দুই আসরের একটিতে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশের প্রতিনিধিরা।
এবারের দল নিয়ে নির্বাচক নাঈম ইসলাম জানিয়েছেন, জাতীয় দলের ব্যাকআপ শক্তিশালী করার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ দিতে অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করা হয়েছে। শামীম হোসেনকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর লক্ষ্যেও এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে নির্বাচকরা।
এইচপি দলে সাধারণত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলেও এবারের স্কোয়াডে রয়েছেন ৩০ বছরের বেশি বয়সী কয়েকজন ক্রিকেটার। সাব্বির রহমান ও আবু হায়দারের পাশাপাশি অধিনায়ক ইরফান শুক্কুরও অভিজ্ঞদের তালিকায় রয়েছেন।
নাঈম ইসলাম বলেন, কোনো ক্রিকেটারের আরও দুই বছর ভালো ক্রিকেট খেলার সামর্থ্য থাকলে সেটি কাজে লাগাতে চায় বিসিবি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা অভিজ্ঞ ক্রিকেটারদেরও সুযোগ দিয়ে অন্যদের অনুপ্রাণিত করার পরিকল্পনা রয়েছে।
আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসর। বাংলাদেশ এইচপি দলসহ মোট নয়টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ এইচপি।
এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি।
বাংলাদেশ এইচপি দল:ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

































