বাজারে হেলিও ৪৭, থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্জ ডিসপ্লে
Published : ১৭:৫৭, ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের মোবাইল ফোন বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৪৭’ উন্মোচন করেছে হেলিও। ডিজাইন, পারফরম্যান্স ও দীর্ঘস্থায়িত্বকে গুরুত্ব দিয়ে তৈরি ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬, ১২০ হার্জ ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারিসহ বেশ কিছু আধুনিক ফিচার।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম বলেন, বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই হেলিও নিয়মিত নতুন হ্যান্ডসেট বাজারে আনছে। হেলিও ৪৭ ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের পাশাপাশি পারফরম্যান্সের ক্ষেত্রেও ভালো অভিজ্ঞতা দেবে।
হেলিও ৪৭-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। এর সঙ্গে গুগলের বিভিন্ন আধুনিক ফিচার, উন্নত কাস্টমাইজেশন সুবিধা ও সহজ ইউজার ইন্টারফেস ব্যবহারের সুযোগ থাকছে।
স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে। ৭২০x১৬০০ রেজল্যুশনের এই আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং ও বিভিন্ন কনটেন্ট ব্যবহারে আরও সাবলীল অভিজ্ঞতা পাওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট এবং ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে র্যাম আরও ৬ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।
ফটোগ্রাফির জন্য হেলিও ৪৭-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার এফ/১.৮। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও কল ও সেলফির পাশাপাশি দৈনন্দিন ছবি তোলার জন্য ক্যামেরা সেটআপটি তৈরি করা হয়েছে।
ব্যাটারির দিক থেকেও ফোনটিতে বড় সক্ষমতা রাখা হয়েছে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য হেলিও ৪৭-এ রয়েছে আইপি৬৪ রেটিং। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে ৪জি, ৩জি, ২জি, ওয়াই-ফাই, জিপিএস ও ওটিজি সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
এ ছাড়া ফোনটিতে এনএফসি, জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর রয়েছে।
অ্যামারেল্ড গ্রিন, নেভি ব্লু ও কার্বন ব্ল্যাক—এই তিন রঙে পাওয়া যাবে হেলিও ৪৭। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।


































