শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধের আহ্বান শ্রমমন্ত্রীর
Published : ০০:৫৫, ২৩ এপ্রিল ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কারখানা মালিকদের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বেতন-বোনাস সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও উৎপাদন অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্প উৎপাদন অব্যাহত রাখতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান (বাবু) জেনারেটরের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করেন।
এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও বরাদ্দকৃত ডিজেলের পরিমাণ উল্লেখ করে স্বচ্ছভাবে নোটিশ প্রদর্শন করা হয়।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































