রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেবে বিএনপি
Published : ১৯:৫৩, ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির দুজন সিনিয়র সদস্য।
রোববার (৯ আগস্ট) তারা জানান, আগামী বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘ সময় পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফেরার পর রাষ্ট্রপতি পদে এমন একজনকে বেছে নিতে চায়, যিনি রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং রাষ্ট্রের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের যেকোনো সংকটকালে রাষ্ট্রপতিকে অভিভাবকের ভূমিকা পালন করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।


































