১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার ভাইরাল মিজান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৮, ৯ আগস্ট ২০২৬

মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

এ সময় মিজান তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে পরিচিতি পান ‘ভাইরাল মিজান’

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি খাবারের দোকান পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান মিজান। তার দোকানে ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দোকানটির নাম দেওয়া হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পায়।

দোকানের খাবার পরিবেশন ও খাওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

শেয়ার করুনঃ
Advertisement