হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার
Published : ১২:৫১, ১২ আগস্ট ২০২৬
রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) এবং বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।
ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। প্রাথমিকভাবে জানা যায়, ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দল ওই বাসা থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল।
ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে দলের সদস্যরা ঘটনার আগের দিন সংশ্লিষ্ট এলাকা ঘুরে রেকি করে বলে জানায় পুলিশ। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ শুরু করা হয়।
পরে ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ককটেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ডাকাত দলের বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


































