৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর বাসার গেটে গুলি

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর বাসার গেটে গুলি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০১, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলির শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামজারবাগের রুনা টাওয়ার নামের ১১ তলা ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। তাঁর দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

ভবনটির নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হঠাৎ প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাঁকে গেটের ভেতরে রেখে গেট বন্ধ করতে বলেন। এরপর তাঁরা গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

ভবনমালিক ইউসুফ জানান, সোমবার দুপুর ১২টার দিকে তাঁর ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার দাবি করে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের এক দোকানদার বলেন, তিনি দোকানের ভেতরে থাকার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পান। পরে দুই যুবককে দৌড়ে চলে যেতে দেখেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

এর আগে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে কয়েকটি ঘটনা ঘটে। গত ১৩ জুলাই দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ছাড়া গত ১৩ জুন বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদা দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনায় চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করা হয়।

পুলিশ জানিয়েছে, হামজারবাগের গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

শেয়ার করুনঃ
Advertisement