সোহানা সাবার স্বামী ফয়সাল সামাদ, দুজনেরই দ্বিতীয় বিয়ে
Published : ১৮:০০, ১১ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী সোহানা সাবা আবার বিয়ে করেছেন—এ খবর নিজেই জানিয়েছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী। জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের খবর জানানোর সময় স্বামীর নামও প্রথমে প্রকাশ করতে চাননি সোহানা সাবা। পরে কথার এক পর্যায়ে শুধু ‘ফয়সাল’ নামটি জানান। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর স্বামীর পুরো নাম ফয়সাল সামাদ।
ফয়সাল সামাদ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৩ সালে বিজিএমইএর নির্বাচনে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’-এর প্যানেল লিডার হিসেবে অংশ নিয়েছিলেন ফয়সাল সামাদ। এর আগে আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
ব্যবসায়ী মহলে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
সাড়ে পাঁচ বছরের প্রেমের পর বিয়ে
২০২৩ সালের ৭ নভেম্বর সোহানা সাবার নতুন প্রেম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে।
সোহানা সাবা জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ এই সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন তিনি।
এরই মধ্যে ফয়সালের সঙ্গে পরিচয় হয় তাঁর। সম্পর্কের শুরু প্রসঙ্গে সোহানা সাবা জানিয়েছেন, প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো এত দিন অপেক্ষা করেছেন। পরে ফয়সালই তাঁকে ভালোবাসার কথা জানান এবং তিনি সম্মতি দেন।
দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। তবে ব্যক্তিগত জীবনের বিষয়ে এর বেশি বিস্তারিত প্রকাশ করতে চাননি সোহানা সাবা।


































