শিশুদের টিকার সংখ্যা কমানোর নির্বাহী আদেশে ট্রাম্পের সই
Published : ১১:১৮, ১১ আগস্ট ২০২৬
শিশুদের জন্য সুপারিশ করা টিকার সংখ্যা কমানো এবং হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) সম্মিলিত টিকা আলাদা করে দেওয়ার সুপারিশ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প দাবি করেন, কয়েক দশক আগে শিশুরা বর্তমানে যতসংখ্যক টিকা নেয়, তার তুলনায় অনেক কম টিকা নিত। তখন মানুষ বেশি সুস্থ ছিল এবং বর্তমানে দেখা যাওয়া অটিজমের উচ্চ হারও ছিল না।
তবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এমএমআর টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ২০১৯ সালে ডেনমার্কে ৬ লাখ ৫৭ হাজার ৪৬১ শিশুকে নিয়ে করা একটি বড় গবেষণাতেও এমএমআর টিকা অটিজম সৃষ্টি বা উসকে দেয়—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নতুন নির্দেশনায় আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) সুপারিশ করা ১৮টি টিকার পরিবর্তে শিশুদের জন্য ১১টি টিকা রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, হিউম্যান প্যাপিলোমাভাইরাস ও জলবসন্তের টিকা।
তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি হওয়ার জন্য কোন কোন টিকা প্রয়োজন, সে সিদ্ধান্ত মূলত অঙ্গরাজ্যগুলোর কর্তৃপক্ষ নিয়ে থাকে।
একই সঙ্গে এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে আলাদা সময়ে দেওয়ার পক্ষে সুপারিশ করেছেন ট্রাম্প। তিনটি টিকা একসঙ্গে দেওয়া ‘খুবই প্রাণঘাতী’ হতে পারে বলেও দাবি করেন তিনি। তবে সাংবাদিকেরা এ দাবির পক্ষে প্রমাণ জানতে চাইলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এমএমআর টিকায় ছোট শিশুদের জ্বরজনিত খিঁচুনির খুব সামান্য ঝুঁকি রয়েছে। তবে বেশির ভাগ মানুষের ক্ষেত্রে টিকাটিতে গুরুতর কোনো সমস্যা হয় না।
সংস্থাটির মতে, হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার তুলনায় টিকা নেওয়া অনেক বেশি নিরাপদ।
সিডিসি আরও বলেছে, সম্মিলিত এমএমআর টিকাকে তিনটি আলাদা টিকায় ভাগ করে দেওয়ার কোনো উপকারিতা রয়েছে—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, টিকা দেওয়ার মধ্যে দীর্ঘ বিরতি থাকলে ওই সময়ের মধ্যে শিশুরা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
পাশাপাশি একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হলে নির্ধারিত টিকার কোনো একটি ডোজ বাদ পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, প্রস্তাবিত পরিবর্তনের উদ্দেশ্য অভিভাবকদের পছন্দের সুযোগ দেওয়া, শিশুদের টিকা নেওয়ার সুযোগ বন্ধ করা নয়।
তবে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রেসিন ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এটি ‘গোল্ড স্ট্যান্ডার্ড বিজ্ঞান’-এর ভিত্তিতে করা হয়নি।
বিশেষ করে হাম ছড়িয়ে পড়ার সময় টিকা দিতে দেরি করা বা বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ।
রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডিও ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, টিকা ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর এবং টিকা অটিজমের জন্য দায়ী নয়।
বর্তমান সিডিসির সুপারিশ অনুযায়ী, শিশুদের এমএমআর টিকার দুটি ডোজ দেওয়া হয়—প্রথমটি ১২ থেকে ১৫ মাস বয়সে এবং দ্বিতীয়টি ৪ থেকে ৬ বছর বয়সের মধ্যে।
এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশে টিকায় ব্যবহৃত অ্যালুমিনিয়ামের বিকল্প উপাদান তৈরির পাশাপাশি সেগুলো আরও নিরাপদ ও কার্যকর কি না, তা পরীক্ষা করার কথাও বলা হয়েছে।
তবে এএপি জানিয়েছে, টিকায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম লবণের অতি সামান্য পরিমাণের সঙ্গে গুরুতর স্বাস্থ্যঝুঁকির কোনো উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।
































