শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ খামেনি, জানালেন ইরানের প্রেসিডেন্ট

শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ খামেনি, জানালেন ইরানের প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৪, ১১ আগস্ট ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১০ আগস্ট) খামেনির সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান তার শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, বৈঠকের পুরো সময় খামেনিকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় দেখা গেছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে পেজেশকিয়ান বলেন, বিপ্লবের নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ ছিলেন।

পেজেশকিয়ান আরও জানান, বৈঠকে খামেনি তাকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি দেশের উদ্বেগ ও চলমান সমস্যাগুলো সর্বোচ্চ নেতার কাছে তুলে ধরেন এবং খামেনি তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন।

এর আগে সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে খামেনি ও পেজেশকিয়ানের মধ্যে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন খামেনি। পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান, কর্মসংস্থান, আবাসন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাও আলোচনায় উঠে আসে বলে জানান পেজেশকিয়ান।

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের জল্পনা ছড়ালেও পেজেশকিয়ানের বক্তব্যে তা নাকচ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। গত ফেব্রুয়ারিতে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েনকারী আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

পরবর্তীতে এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও জানানো হয়েছিল।

তবে গত মাসে সেই সমঝোতা ভেস্তে যায়। সংঘাত বন্ধে আলোচনার খবরের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে বোমা হামলা বন্ধের ঘোষণা দেন।

শেয়ার করুনঃ
Advertisement