কোকো ছিলেন আপাদমস্তক ক্রীড়া সংগঠক: রিজভী
Published : ১৫:০৪, ১২ আগস্ট ২০২৬
ঢাকা, ১২ আগস্ট ২০২৬: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক।
বুধবার আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্রীড়ার উন্নয়নে কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি চেয়েছিলেন, ক্রীড়াবিদরা যেন খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহের সুযোগ পান। এ ধরনের ব্যবস্থা রাষ্ট্র ও সরকার করবে—এটাই ছিল তাঁর লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং এর মাধ্যমে আরাফাত রহমান কোকোর অবদানের যথাযথ মূল্যায়ন হবে।
রিজভী বলেন, ‘আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী এখানে আছেন। আমি মনে করি, তিনি অত্যন্ত যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী। এখানে তাঁর যে কাজগুলো, সেই কাজগুলো সুসম্পন্ন করবেন। এটা সুসম্পন্ন হলেই আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে।’
কোকোর মৃত্যুর স্মৃতিচারণ করে রিজভী বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ দেশে আনার সময় তাঁর মা খালেদা জিয়া বন্দী ছিলেন। সে সময়কার পরিস্থিতিকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক ও বিয়োগান্তক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
এ সময় রিজভী তৎকালীন সরকারের বিরুদ্ধে কোকোর পরিবারকে হয়রানি ও রাজনৈতিকভাবে চাপে রাখার অভিযোগ করেন। একই সঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও দেশপ্রেম তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানির কারণ হয়েছিল।
বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন কাজ বাস্তবায়ন শুরু করেছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল জুলাইয়ের গণ-অভ্যুত্থান। মুগ্ধ, ওয়াসিম আকরাম, আবু সাঈদ ও আহনাফসহ যারা আত্মদান করেছেন, তাঁদের আত্মত্যাগ মহিমান্বিত।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরুসহ বিএনপি ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
































