গোমূত্র কিনছে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা
Published : ০১:১৫, ১৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে এবং ভবিষ্যতে প্রতি লিটারের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ কার্যক্রমে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার মনে করছে, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্যও নতুন আয়ের উৎস সৃষ্টি হবে।
সরকারের মতে, দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালের ক্ষেত্রেও এ প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখতে পারে। গোমূত্র সংগ্রহের মাধ্যমে এসব গবাদিপশুকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরির লক্ষ্য রয়েছে।
তবে সরকারি এ উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
প্রাথমিক পর্যায়ে বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রকল্পের ফলাফল মূল্যায়নের পর এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



































