রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৪, ১৩ আগস্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। দলীয় একাধিক সূত্রের দাবি, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রগুলো জানায়, বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতার বিষয়টি সর্বসম্মতভাবে অনুমোদন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে তাঁর নাম প্রস্তাব এবং মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। এই শূন্য পদে আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মহাসচিব পদে পরিবর্তন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি স্বাভাবিকভাবেই শূন্য হবে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও বিএনপির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে।

দলীয় রাজনীতিতে নতুন মহাসচিব হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।

তবে মহাসচিব পদে চূড়ান্ত সিদ্ধান্তও দলের শীর্ষ নেতৃত্বের আলোচনার পরই নেওয়া হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীই এগিয়ে

জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে, তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ কারণে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আজই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement