রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৮, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, সচিবালয়ের বৈঠকটিকে দলের স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। তবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।

দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজন হওয়ায় মূলত এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন দলের চেয়ারম্যান।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের নাম ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থিতা যাচাই ও পরবর্তী নির্বাচনি কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুনঃ
Advertisement