স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: মিয়া গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: মিয়া গোলাম পরওয়ার ছবি: ভিডিও থেকে নেয়া

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:২৩, ১ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে কোনো জোটের ভিত্তিতে নয়, রাজনৈতিক দলগুলো আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্য থাকলেও স্থানীয় নির্বাচনে সেই ঐক্য থাকবে না। স্থানীয় নির্বাচনে দলগুলো নিজেদের পক্ষ থেকে পৃথক প্রার্থী দেবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি জামায়াতে ইসলামী এখনো আস্থাশীল। স্থানীয় নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দলের স্থানীয় শাখাগুলোকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ইসির অতিরিক্ত সচিবকে পদ থেকে না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না। তিনি দাবি করেন, ওই কর্মকর্তা বিএনপির পদধারী। তবে ইসি জানিয়েছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়ে তারা জানতে পেরেছেন। তার দাবি, এটি সংবিধানবিরোধী। এ ধরনের সুপারিশ বাতিলের দাবি ইসির কাছে জানানো হয়েছে।

একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়েও নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে জামায়াত।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা রয়েছে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement