জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি স্থগিত
Published : ১৭:৪৮, ৩ এপ্রিল ২০২৬
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত বা বাতিল হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়, বর্তমান আপৎকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সারাদেশে হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর ফলে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান ছুটির সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকছে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর হবে না।
বিডি/এএন



































