হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু
Published : ১৬:৪৫, ১২ এপ্রিল ২০২৬
দেশে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ আজ থেকে শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চারটি সিটি কর্পোরেশন এলাকায় ১২ লাখের বেশি শিশু এই কর্মসূচির আওতায় টিকা পাবে।
রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি সংবাদকর্মীদেরও এই কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীর মতো ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, কর্মসূচির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং এটি সফল করতে সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। মানুষের সুবিধার্থে স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
সন্তানদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা না গেলে হাম রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব হবে না। একই সঙ্গে তিনি হার্ড ইমিউনিটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।



































