মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪০, ২৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনেই মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

মাহদী আমিন বলেন, দীর্ঘ দুঃশাসন, জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। সরকারের প্রথম ১০০ দিনেই রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন বলেন, সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী চালু করা হয়েছে। পাশাপাশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে।

তিনি জানান, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় সম্ভাবনা সৃষ্টি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মাহদী আমিন বলেন, সরকার সাংবাদিক ও গণমাধ্যমের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে বাকস্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ ও চরিত্রহননের রাজনীতি গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

ঈদ উপলক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌসেবা চালু করা হয়েছে এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রেনে আলাদা বগির ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সঠিক সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের বিমানভাড়া কমানো সম্ভব হয়েছে।

মাহদী আমিন জানান, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ, বিমানবন্দর ও ট্রেনে উচ্চগতির বিনামূল্যের ইন্টারনেট চালু এবং তরুণদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হয়েছে।

স্বাস্থ্য খাতের উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

মাহদী আমিন আরও বলেন, মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ২৯ কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় কার্যকর বিচার ব্যবস্থার একটি বিরল দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, এখন মানুষকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় না, বরং প্রধানমন্ত্রী নিজেই মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের দুঃখ-কষ্টের কথা শুনছেন এবং পাশে দাঁড়াচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাহদী আমিন জানান, এস আলম গ্রুপ-এর ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, গত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বন্ধ কলকারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

শেয়ার করুনঃ
Advertisement