বিরোধীদলের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিরোধীদলের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তাঁর মতামত বিনিময় করেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:১২, ২৭ মে ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সরকারি দল বাজেট প্রস্তাব করবে আর বিরোধীদল তার সমালোচনা করবে—এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বিরোধীদলের গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানাবে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বিরোধীদল যাতে সংসদে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সে জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল ও বিরোধীদলের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে একটি কার্যকর ও জনবান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হবে।

তিনি বলেন, “আগের অধিবেশনেও সরকারি ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সহযোগিতার মনোভাব দেখা গেছে। আগামী বাজেট অধিবেশনেও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা করছি। সংসদের সব সদস্য জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।”

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সংসদ ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় পৌঁছান স্পিকার। পরে নির্বাচনী এলাকা লালমোহনে যাওয়ার পথে তিনি ভোলা সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement