বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে বিনিময় করেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৬, ২৯ মে ২০২৬

ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশবাসীর প্রতি বৈষম্য ও বিভেদ ভুলে একটি সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। নামাজ শেষে বিএনপি মহাসচিব মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজের দরিদ্র, বঞ্চিত ও বৈষম্যের শিকার মানুষের অধিকার নিশ্চিত করেই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

কোরবানির তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এটি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং মানুষের অন্তরের কলুষতা দূর করার প্রতীকী শিক্ষা বহন করে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন”—এই চেতনা থেকেই সমাজে মানবতা ও ন্যায়ের চর্চা বাড়াতে হবে।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement