সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী

সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রী কার্যালয়

Published : ০২:৩০, ২৯ মে ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাঁকে স্বাগত জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি আবেগাপ্লুত হয়েছেন। শৃঙ্খলাবোধ, সহমর্মিতা ও আন্তরিকতার কারণে সেনানিবাসের পরিবেশ তাঁর কাছে সবসময় বিশেষ গুরুত্ব বহন করে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটময় সময়েও বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ জাতির জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় অবদান রাখবেন।

প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী সৈনিক লাইন পরিদর্শন করেন এবং ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেনা সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

কর্মসূচির শেষপর্বে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর এই উপস্থিতি সেনা সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং তাদের দায়িত্ববোধ ও দেশসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

শেয়ার করুনঃ
Advertisement